নবীনগরে কোরআন অবমাননার অভিযোগে বিক্ষোভ
- প্রকাশের সময় : ০৭:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ১৪৩ বার পড়া হয়েছে

খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র কোরআন শরীফে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
শুক্রবার বিকেলে নবীনগর উপজেলার বাড়িখলা গ্রামের মধ্যপাড়া হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। বাড়িখলা গ্রামের বাইজিদ আহমেদ নামের এক যুবক মাদ্রাসার আলমারি থেকে বেশ কয়েকটি পবিত্র কোরআন শরীফ টেনে বের করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। নবীনগর থানার ওসি নিশ্চিত করেছেন, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার প্রতিবাদে শনিবার সকালে নবীনগরের সর্বস্তরের মুসলিম জনতা বিক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত বাইজিদের ফাঁসির দাবিতে শত শত মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে অবিলম্বে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।














