বিনা অপরাধে কোনো দলের কাউকে গ্রেপ্তার করা যাবে না : এডভোকেট মান্নান
- প্রকাশের সময় : ১০:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / ৯৬ বার পড়া হয়েছে
বিনা অপরাধে কোনো দলের নেতাকর্মী বা সাধারণ মানুষকে গ্রেপ্তার ও হয়রানি করলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে স্পষ্ট ও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডভোকেট মান্নান বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ভয়ভীতি ছড়াচ্ছে— পছন্দের প্রার্থীর পক্ষে না থাকলে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হবে। এই ধরনের অপপ্রচার তিনি বিভিন্ন স্থানে শুনছেন, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, কোনো নিরীহ ও নিরপরাধ মানুষকে হয়রানি করার অধিকার কারও নেই, বিএনপি এ ধরনের হয়রানি কোনোভাবেই মেনে নেবে না।
তিনি আরও বলেন, বিনা কারণে কাউকে আটক, গ্রেপ্তার বা মামলা বাণিজ্য করলে ছাড় দেয়া হবেনা। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এবং বিএনপির নেতাকর্মীরা সহিংস রাজনীতির সাথে জড়িত নয়। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিরপরাধ মানুষের ওপর জুলুম চালিয়ে কেউ রাজনৈতিক ফায়দা হাসিল করতে পারবে না।
এসময় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ আলীর সভাপতিত্বে এবং রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এম আর ইলিয়াছের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি হাসিবুল হাদিস শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, পৌর বিএনপির সহ সভাপতি দেলোয়ার কমিশনার, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি অনন্ত হীরা, খন্দকার মাহবুব রহমান শাহিন, মুছলেম উদ্দিন মুছেন প্রমুখ।






















