ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে সাফিয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার জিনোদপুর ইউনিয়নের মালাই গ্রামে এ ঘটনা ঘটে।

জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি বিষয়টি নিশ্চিত করে প্রতিদিনের পোস্টকে বলেন, বাঙ্গরা গ্রামের সাংবাদিক কাউছার আলমের স্ত্রী দুদিন আগে একমাত্র পুত্র সাফিয়ানকে নিয়ে পিত্রালয় মালাই গ্রামে বেড়াতে যায়। দুপুরের পর থেকে শিশু সাফিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে সাফিয়ানের মরদেহ ভাসতে দেখে প্রতিবেশিরা বাড়িতে খবর দেয়। পরে তারা এসে মরদেহ উদ্ধার করে।