মো. আলমগীর খন্দকার, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গলায় ফাঁস দিয়ে লাবণী বেগম (২৮) নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন।
সোমবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার নাটঘর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লাবণী বেগম নাটঘর গ্রামের সৌদি প্রবাসী মো. বাছির মিয়ার স্ত্রী।
সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় ৩ বছর আগে নাটঘর গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে মো. বাছির মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার বিদ্যাকুট গ্রামের আব্দুল লতিফ মিয়ার মেয়ে লাবণী বেগমের। সকালে নিজ ঘরের ভিতর গলায় ফাঁস লাগানো অবস্থায় লাবণী বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তাদের সংসারে জমজ মিম ও রিয়ান নামের দুই বছরের সন্তান রয়েছে।
মেয়ের মা বলেন, গত ৩ বছর আগে একই উপজেলার বাছির মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে দেয়। সকালে মেয়ের আত্মহত্যার কথা শুনে ছুটে এসে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখি।
তিনি আরো বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না।
শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আক্কাস আলী রুবেল প্রতিদিনের পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।