খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর উপজেলা প্রতিনিধি:-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে শাহেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে কাইতলা (উ.) ইউনিয়নের কোনাউর গ্রামের লেবু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহেদ আলী উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের বিল্লাত মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- শনিবার মধ্যরাতে কোনাউর গ্রামের মোহাম্মদ আলী ওরফে লেবু মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় শাহেদ আলী সিঁদ কেটে ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে আটক করেন। পরে ‘চোর চোর’ চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। একপর্যায়ে তাঁকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনা স্থলেই মারা যান। খবর পেয়ে নবীনগর থানা-পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়- প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- শ্বাসরোধ ও মাথায় আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রতিদিনের পোস্ট’কে বলেন, সকালে সংবাদপ্রাপ্ত হয়ে কথিত চোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”। তিনি আরও জানান-” ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান”।