ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ইমন (২৪) নামে এক যুবক দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের বাদ্যকরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইমন থোল্লাকান্দি গ্রামের হোসেন মিয়ার ছেলে। গুরুতর অবস্থায় স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়িকান্দি ইউনিয়নে মনেক ও রিফাত গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত বছরের ১ নভেম্বর সংঘর্ষে মনেকের ছেলে শিপনসহ দুজন নিহত হন। ওই মামলায় ইমনের ছোট ভাই সাক্ষী ছিলেন।

অভিযোগ অনুযায়ী, সন্ধ্যায় ইমন এলাকায় অবস্থানকালে ১৫-১৬ জন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।