সরাসরি যেকোনো তথ্য অভিযোগের জন্য হটলাইন; এম নাসের রহমান
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও কোন অভিযোগ যে কোন খবর পৌঁছাতে এবং জনগণের সাথে সম্পর্ক জোরদার করতে বিশেষ হটলাইন সেবা চালু করেছেন।
বৃহস্পতিবার (১৯ই মার্চ) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এই উদ্যোগের তথ্য জানিয়ে তিনি লিখেছেন, “আপনার সমস্যা, আপনার কথা-এখন সরাসরি এমপি মহোদয়ের কাছে।” এই হটলাইন সেবার মাধ্যমে নির্বাচনী এলাকার জনগণ তাদের অভিযোগ, সমস্যা বা প্রয়োজনীয় তথ্য সরাসরি আদান-প্রদান ও জানাতে পারবেন।
সংসদ সদস্য জানান, জনগণের ভোগান্তি দ্রুত লাঘবে ও সমাধানের পাশাপাশি সরাসরি সংযোগ স্থাপনের লক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সবাইকে ০১৭১১৭৫১৫১৫ সেল নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান।
এম নাসের রহমান বলেন,“হটলাইনটি সরকারি এমপির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। ফলে প্রাপ্ত অভিযোগগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এতথ্য প্রকাশের মাত্র আধা ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি ব্যাপক সাড়া ফেলে। শত শত মানুষ লাইক, কমেন্ট ও শেয়ার করেন এবং অনেকেই এ উদ্যোগকে ইতিবাচক ও প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন।
স্থানীয়রা আশা করছেন, হটলাইন সেবার মাধ্যমে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমবে এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন।