ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অটোচালক মো. মুক্তার হোসেনের নৃশংস হত্যার প্রতিবাদে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী।
সোমবার দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কৈটুপিপাড়ার একটি আঞ্চলিক সড়কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, খুনিরা প্রকাশ্যে মুক্তার হোসেনকে কুপিয়ে হত্যা করে। এধরণের নির্মম হত্যাকান্ড এই অঞ্চলে ইতোপূর্বে কখনো হয়নি। হত্যার প্রধান আসামি এখনও ধরা-ছোঁয়ার বাইরে। আমরা সকল হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানাই।
এ সময় বক্তব্য রাখেন নিহতের মা মাজেদা বেগম, নিহতের ভাই আক্তার হোসেন, এম এ ফাহাদ, জহিরুল ইসলাম, ফাহিম মিয়া। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে গ্রামের আঞ্চলিক সড়কে বিচার চেয়ে সবাই প্রতিবাদ জানান।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের কৈটুপিপাড়া সড়কের পাশে দিনের বেলা প্রকাশ্যে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় অটোরিকশাচালক মুক্তার হোসেনকে। ঘটনার পাঁচদিন পর নিহতের বাবা ইসলাম উদ্দিন আটজনকে আসামি করে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।