ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রাম্য আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়া দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মিয়া ও হোসেন মিয়ার সমর্থকদের মধ্যে গ্রাম্য আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সোমবার রাতে স্থানীয় বাছির মেম্বারের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সকালে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। ১০ জন আহত সহ এ সময় বাজারের কয়েকটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

হোসেন মিয়ার পক্ষের সমর্থক আহমেদ হোসেন দাবি করেন, শিশু মিয়া গ্রুপের লোকজন প্রথমে তাদের ওপর হামলা চালায়। পরে তারা প্রতিরোধের চেষ্টা করলে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী প্রতিদিনের পোস্ট’কে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।