ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহপাঠীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় আল জিদান সরকার (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় সপ্তম শ্রেণির চার শিক্ষার্থীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে।

রোববার (১৫ জুন) বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। আহত আল জিদান সরকার ইব্রাহিমপুর গ্রামের প্রবাসী উজ্জ্বল সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আল জিদান সরকারের ওপর হামলা চালানো হলে সে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সপ্তম শ্রেণির চার শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (১৩), আরাফাত হোসেন (১৩), রামিম (১৩) ও জিহাদ (১৩)-কে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় জনতার সহায়তায় আটক করে নবীনগর থানায় সোপর্দ করা হয়। তাদের সবার বাড়ি ইব্রাহিমপুর গ্রামে।

এ ঘটনায় আহত শিক্ষার্থীর মা আয়েশা বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত জিদানের মা আয়েশা বেগম বলেন, “স্কুলের ভেতরে আমার ছেলের ওপর এভাবে হামলা হবে, তা কখনো কল্পনা করিনি। সে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। আমি দেশবাসীর কাছে আমার ছেলের জন্য দোয়া চাই এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”

ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, “ঘটনার পরপরই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।”

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, আমি থানার বাহিরে আছি, ঘটনাটি আমিও শুনেছি, সহপাঠীদের ছুরিকাঘাতের আল জিদান সরকার (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।