মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক মাদক দিবস উপলক্ষে মৌলভীবাজারে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
শুক্রবার (২৬শে জুন) জেলা প্রশাসন, মৌলভীবাজার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজারের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয় হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ।
এ সময় জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। এ সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং মাদকের অবৈধ পাচার ও ব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহবান জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।