ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা (pOCV) কার্যক্রম-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবদুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ আবদুল মান্নান বলেন, “নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ইতোমধ্যে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার অনুমোদন পেয়েছে। এটি নবীনগরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এখানে চিকিৎসাসেবা নিতে আসা কোনো রোগী যাতে হয়রানির শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে নজর দিতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন মোঃ নুমান মিয়া, আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিমেল খান এবং নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল সহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।