বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাসিরনগর উপজেলা শাখার পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গঠনতন্ত্রের ৮(খ.৫) ও ১১(খ) ধারা অনুযায়ী পূর্ববর্তী কমিটি বাতিল করে নতুন এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি আদেশ চন্দ্র দেব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হরিপদ ভৌমিক (দুলাল) স্বাক্ষরিত এক আদেশে কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে বীর মুক্তিযোদ্ধা স্বপন রায়কে আহ্বায়ক এবং সাংবাদিক মিহির কুমার দেবকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে মোট ২১ জন সদস্য রয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন আহ্বায়ক কমিটি নাসিরনগর উপজেলার পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।