পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ উপজেলা বিএনপি, ঘোড়াশাল পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে শুরুতে ড. আব্দুল মঈন খান এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, তাঁর পিতামাতার কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। পরে তিনি স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
বিকেলে পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুল মঈন খান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার এবং সঞ্চালনা করেন পলাশ থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন।
মাহফিলে পলাশ ও ঘোড়াশাল এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা নরসিংদীতে একটি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান। তিনি বলেন, নরসিংদীর মানুষের উচ্চশিক্ষা ও উন্নত চিকিৎসাসেবার সুযোগ নিশ্চিত করতে জেলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা প্রয়োজন।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য দেওয়া অন্যান্য বক্তারাও পলাশ ও নরসিংদীর সার্বিক উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে নানা দাবি ও প্রস্তাব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, গত ছয় মাসে পলাশ উপজেলায় যে উন্নয়ন হয়েছে, এর আগে অন্য কোনো সরকার পলাশে এমন উন্নয়ন করতে পারেনি। তিনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং পলাশসহ নরসিংদীর সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।