রংপুরের গংগাচড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রগতি ব্যায়ামাগার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) গংগাচড়ায় প্রগতি ব্যায়ামাগারের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গংগাচড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গংগাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক এবং দুঃস্থ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক চাঁদ মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতি ব্যায়ামাগারের নির্বাহী পরিচালক সিফাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহমুদুর রহমান বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের পরিবার নয়, পুরো এলাকার জন্য গর্বের। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদের স্বপ্ন পূরণে অভিভাবক ও শিক্ষকদের পাশাপাশি সমাজের সবাইকে সহযোগিতা করতে হবে।”
বিশেষ অতিথি এনামুল হক বলেন, “জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল। এই সাফল্য ধরে রাখতে হলে পরবর্তী শিক্ষাজীবনেও নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলার ওপর গুরুত্ব দিতে হবে।”
আরেক বিশেষ অতিথি চাঁদ মিয়া বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করলে তারা ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা পাবে। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে সিফাত জাহান বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি তাদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রগতি ব্যায়ামাগার শিক্ষার্থীদের পাশে থাকবে।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রগতি ব্যায়ামাগারের কো-অর্ডিনেটর সাখাওয়াত হোসেন সোহাগ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।