গভীর রাতে পূর্বাচলের একটি সার্ভিস লেনে দাঁড়িয়ে থাকা নাম্বারপ্লেটবিহীন একটি ট্রাককে ঘিরে সন্দেহ তৈরি হয় পুলিশের। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ১৫ নম্বর সেক্টরের হরদিবাজার সংলগ্ন বাসাবাসি এলাকায় অভিযানটি চালানো হয়। বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

আটক ব্যক্তিরা হলেন—বিল্লাল হাওলাদার (৪৬) ও রবিন (৩৫)। পুলিশের তথ্য অনুযায়ী, তাদের কাছ থেকে একটি নাম্বারপ্লেটবিহীন ট্রাক এবং ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-২৪-৩২৩১ বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নাগরী ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনার সময় পূর্বাচল স্বাধীনতা চত্বরে অবস্থান করছিল একটি পুলিশ দল। তখন গোপন সংবাদের মাধ্যমে খবর আসে, পূর্বাচল ১৫ নম্বর সেক্টরের ৫৬ নম্বর সেতুর উত্তর-পূর্ব পাশে সার্ভিস লেনে একটি ট্রাক দাঁড়িয়ে আছে। ট্রাকটির বডির ভেতরে কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন এবং তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে ঘটনাস্থলের দিকে রওনা হয় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ট্রাকের আশপাশে থাকা ৮ থেকে ৯ জন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিল্লাল হাওলাদার ও রবিনকে আটক করা সম্ভব হলেও বাকিরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যান।

পরে আটক দুজনের দেখানো ও শনাক্তের ভিত্তিতে ট্রাকের বডিতে তল্লাশি চালায় পুলিশ। সেখানে ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

আটক বিল্লাল হাওলাদার বরগুনার তালতলী থানার ছোটবাগী এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা রেল স্টেশন এলাকায় বসবাস করেন। অপর আটক রবিন পটুয়াখালীর গলাচিপা থানার খাইরুজ্জামান বাজার এলাকার মৃত দুলালের ছেলে। তিনি নারায়ণগঞ্জের পাগলা থানার বৌ-বাজারের বটতলা এলাকায় থাকেন।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন তাদের পরিচয় দিয়েছেন। পুলিশের কাছে তারা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্যও পাওয়া গেছে বলে জানান তিনি।

পুলিশের ভাষ্য, অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন আটক ব্যক্তিরা। তবে পুলিশের সময়মতো অভিযানের কারণে তাদের পরিকল্পনা সফল হওয়ার আগেই ভেস্তে যায়।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলার পর বুধবার দুপুরে আটক বিল্লাল হাওলাদার ও রবিনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।