নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পার্কে (সাবেক শেখ রাসেল পার্ক) বন্দুক হাতে দুই যুবকের ঘোরাঘুরি ও দর্শনার্থীদের দিকে অস্ত্র তাক করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে সাধারণ মানুষকে ভয় দেখানো এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের দৃশ্য ফুটে ওঠায় নগরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নেটিজেনরা অবিলম্বে এ বিষয়ে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওটি তৈরি করেছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাসিন্দা লিমন তোহা ও ইয়াসিন। লিমন তোহা শহরের দিগুবাবুর বাজার এলাকায় পৈতৃক ব্যবসা করেন এবং পাশাপাশি ভিডিও কনটেন্ট বানান। আর ইয়াসিন তাকে ভিডিও ধারণে সহযোগিতা করেন। পরবর্তী সময়ে টিকটক, ফেসবুক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, কালো রঙের লম্বা কুর্তা-পায়জামা ও মাথায় টুপি পরা দুই যুবক বড় আকৃতির দুটি বন্দুক হাতে পার্কে প্রবেশ করেন। এ সময় তারা পথচারী, রিকশাচালক ও শিশুদের দিকে হঠাৎ বন্দুক তাক করেন। এতে অনেকেই আতঙ্কে সরে যান বা থমকে দাঁড়ান। ভিডিওর একটি দৃশ্যে একটি শিশুকে বন্দুক দেখে চমকে উঠতেও দেখা যায়। যদিও অস্ত্রগুলো দেখতে আসল মনে হচ্ছিল, তবে সেগুলো মূলত খেলনা পিস্তল বলে জানা গেছে।
ভিডিওটি এক সপ্তাহ আগের বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান। তিনি জানান, শুক্রবার বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানার পর তারা খোঁজখবর নেওয়া শুরু করেন।
ওসি সাজেদুর রহমান বলেন, ওই ভিডিওতে যারা অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল, তারা মূলত টিকটকার। প্রাথমিকভাবে জানা গেছে, তারা খেলনা পিস্তল নিয়ে ওই ভিডিও ধারণ করেছে। ভিডিওটি প্রায় এক সপ্তাহ আগের। সংশ্লিষ্ট যুবকদের বাড়ি বন্দর এলাকায় বলে জানতে পেরেছি।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে যাচাই-বাছাই ও তদন্ত করে দেখা হচ্ছে। অস্ত্রগুলো আসল নাকি খেলনা, সেটিও পরীক্ষা করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।