বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্য সেবা আরও উন্নত ও শক্তিশালী করতে ২৪ লাখ মার্কিন ডলার (প্রায় ২৮ কোটি টাকা) মূল্যের আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, আমরা যে সরঞ্জামগুলো হস্তান্তর করছি, তা মূলত সমগ্র বাংলাদেশে পরিচালিত ২৪ লাখ ডলারের একটি প্রকল্পের অংশ। এই প্রকল্পের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র কারিগরি সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। আমাদের মূল লক্ষ্য হলো মা ও শিশুর স্বাস্থ্যের উন্নয়ন নিশ্চিত করা, বিশেষ করে নিরাপদ সন্তান প্রসব ও নবজাতকের সঠিক যত্ন নিশ্চিত করার মাধ্যমে উন্নত ফলাফল অর্জন করা।
স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত আরও বলেন, এটি বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের অঙ্গীকারের একটি প্রতিফলন। স্বাস্থ্য খাত আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার অন্যতম প্রাচীন একটি ক্ষেত্র। মার্কিন যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে বড় ধরনের স্বাস্থ্য সহায়তা দিয়ে আসছে। এর পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য রক্ষায় আমাদের এই সহায়তা অব্যাহত থাকবে।
হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনা ও কর্মীদের সম্পর্কে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, আমি এই হাসপাতালের নিবেদিত প্রাণ চিকিৎসক, নার্স, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আন্তরিক করছি। অতিরিক্ত রোগীর চাপের মধ্যেও তারা যেভাবে সীমাবদ্ধতা কাটিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি তা আজ নিজের চোখে প্রত্যক্ষ করলাম।
পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই কারিগরি ও সরঞ্জাম সহায়তা প্রান্তিক পর্যায়ে মা ও শিশুর মৃত্যুহার কমাতে এবং স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।