গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি মামলায় মোট ৫৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট ২০২৬) উপজেলার খলাপাড়া ও বাসাইর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৫২ ধারায় একটি মামলায় ৫০ হাজার টাকা এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় দুটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর মামলায় খলাপাড়ার সিয়াম বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর আওতায় সবুজ মেডিকেল হলের তাপস ধর (৩৩), পিতা—বিষ্ণু চন্দ্র ধরকে ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় ৩ হাজার টাকা এবং ভাই ভাই মেডিকেল হলের জামিল আহমেদ (৩৯), পিতা—ওসমান গণিকে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মহিউদ্দীন ওয়ারেছী, পরিদর্শক, বিএসটিআই, গাজীপুর এবং তানজিনা আফরিন, ঔষধ তত্ত্বাবধায়ক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, গাজীপুর। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।