গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেরুয়া ব্রিজ সংলগ্ন বেলাই বিলে নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল ও কারেন্ট জালবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। সোমবার (৩১ আগস্ট) কালীগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে দুপুর ১২ টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ১০২টি চায়না ম্যাজিক জাল ও ৫৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু, ক্ষেত্র সহকারী মাহবুবুল আলম, অফিস সহকারী সায়মন রোজারিও এবং পুলিশ সদস্যরা। উপজেলা মৎস্য দপ্তর জানায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে ও দেশীয় মাছের প্রজনন,জলজ জীববৈচিত্র এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ সকল প্রকার জাল ব্যবহার বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।