গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের উপজেলার শিয়ালগাড়া (তরককামাল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকরা হলেন- মহিমাগঞ্জ ইউনিয়নের কোচাশহর ইউনিয়নের চাঁদপারা এলাকার শাহীন আলমের ছেলে রুবেল মিয়া (২৯) এবং পাছগছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে লিমন মিয়া (২৮)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তারা মারা যান।
তিনি আরও জানান, ঘটনার পর তাদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।