গাজীপুরের কালীগঞ্জে স্টক রেজিস্টারে উল্লেখিত মজুদের পরিমাণের চেয়ে বাস্তবে বেশি সার মজুদ রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার দোলান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দোলান বাজারে সার ব্যবসায়ীদের স্টক রেজিস্টার যাচাইয়ের সময় রেজিস্টারে উল্লেখিত মজুদের পরিমাণের সঙ্গে বাস্তবে থাকা সারের মজুদের অসঙ্গতি পাওয়া যায়। এ ঘটনায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় পৃথক দুটি মামলা করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত দুই মামলায় অভিযুক্ত দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ ঘটনায় কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।
জরিমানাপ্রাপ্তরা হলেন প্রকাশ ট্রেডার্সের নির্মল দাস (৬০), পিতা—অমূল্য কৃষ্ণ দাস এবং মেসার্স এস এস করপোরেশনের শরীফ ভূইয়া (৩৪), পিতা—মৃত আব্দুল কাসেম। তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে রাষ্ট্রের পক্ষে প্রসিকিউটরের দায়িত্ব পালন করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে সারের মজুদ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রমে অনিয়ম রোধ এবং সরকারি বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।