ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক কারবারি শাহ পরানের মাদক বহনকারী একটি গাড়ি ছেড়ে দেওয়ার অভিযোগে শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়াউদ্দিন ও সহকারী ইনচার্জ ধীমান বড়ুয়াকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে তাদের প্রত্যাহার করা হয়।

জানা গেছে, গত ৩০ আগস্ট রাতে চিহ্নিত মাদক কারবারি শাহ পরানের একটি গাড়িতে মাদক বহনের অভিযোগ ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়িটি আটক করলেও পরে রহস্যজনকভাবে সেটি ছেড়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

পরে অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। তদন্তের স্বার্থে বুধবার রাতে শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সহকারী ইনচার্জকে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়াউদ্দিন বলেন, মাদকের বিষয়টি নয়, একজন আসামির বিষয়ে তাদের প্রত্যাহার করা হয়েছে।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক বলেন, শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সহকারী ইনচার্জকে প্রত্যাহার করা হয়েছে। তবে কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।