ঢাক-ঢোল, ড্রাম আর বাঁশির তালে উৎসবের আমেজ। সঙ্গে নারী-পুরুষ ও শিশু-কিশোরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ‘শুভ, শুভ, শুভদিন—শ্রীকৃষ্ণের জন্মদিন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ীর সড়ক।
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বেতগাড়ীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি বেতগাড়ী কেন্দ্রীয় কালী মন্দির থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। বাদ্যযন্ত্রের তালে তালে নানা বয়সী মানুষ আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বেতগাড়ী ইউনিয়ন শাখার সভাপতি নবদ্বীপ রায়। প্রধান অতিথি ছিলেন সংগঠনের আহ্বায়ক বাবু তপন কুমার রায়।
বিশেষ অতিথি ছিলেন গঙ্গাচড়া থানা শাখার সদস্যসচিব শ্রী বিমল চন্দ্র বর্মন এবং বেতগাড়ী শাখার সহসভাপতি স্বপন মণ্ডল। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এদিকে শোভাযাত্রাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গঙ্গাচড়া মডেল থানার পুলিশ শোভাযাত্রার সঙ্গে থেকে নিরাপত্তা নিশ্চিত করে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি স্মরণে জন্মাষ্টমী পালিত হয়। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বেতগাড়ীতেও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।