মালদ্বীপের রাজধানী মালেতে মাদকদ্রব্য বিক্রি ও ব্যবসার অভিযোগে ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালদ্বীপের সংবাদমাধ্যম সানঅনলাইন।

পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ ও মাদকবিরোধী গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার পরিচালিত বিশেষ এ অভিযানের অংশ হিসেবে রাজধানী মালেতে একটি গেস্টহাউসে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় গেস্টহাউসটি থেকে মাদকদ্রব্য হিসেবে সন্দেহ করা বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ৯ জনই বাংলাদেশি নাগরিক। তাদের বয়স ২৩ থেকে ৪৬ বছরের মধ্যে। প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের মালদ্বীপের অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এ ধরনের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। প্রবাসীদের একটি অংশ মনে করছেন, ব্যক্তিগতভাবে কেউ অপরাধে জড়িয়ে পড়লে এর নেতিবাচক প্রভাব পুরো বাংলাদেশি কমিউনিটির ওপর পড়তে পারে।

প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বলছেন, বিদেশের মাটিতে বসবাসের সময় দেশটির আইন-কানুন মেনে চলা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে মাদকসংক্রান্ত বিষয়ে সবাইকে আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তারা।

প্রবাসীদের মতে, কয়েকজনের অপরাধের কারণে যেন পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এদিকে, মাদকদ্রব্যের বিরুদ্ধে মালদ্বীপ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ৯ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।