মানিকগঞ্জে বিজয় হালদার (২৫) নামের এক যুবককে অপহরণ করে হাত-পা বেঁধে আটকে রাখার পর এক তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। টাকা না দিলে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাখি আক্তার (১৯), মনির (২২) ও হৃদয় (২০)। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাচারি কান্দি মাঝিপাড়া গ্রামের বাসিন্দা বিজয় হালদারকে অপহরণ করা হয়। পরে তাকে হাত-পা বেঁধে একটি নির্জন স্থানে আটকে রাখা হয়।

অভিযোগ রয়েছে, সেখানে একটি তরুণীর সঙ্গে বিজয়ের আপত্তিকর ভিডিও ধারণ করে অপহরণকারীরা। এরপর ওই ভিডিও দেখিয়ে বিজয়ের পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

বিজয়কে অপহরণের খবর পেয়ে তার পরিবারের সদস্যরা পুলিশকে বিষয়টি জানান। পরে রাতেই মানিকগঞ্জ সদর থানা পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় অভিযান শুরু করে।

বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা, তিন বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬

পুলিশের দাবি, রাত আনুমানিক ১টার দিকে সদর উপজেলার রাজিবপুর গ্রাম থেকে বিজয় হালদারকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাখি আক্তার, মনির ও হৃদয়কে আটক করা হয়। পরে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, অপহরণকারীরা বিজয় হালদারকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে এক নারীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। পরে বিজয়ের মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

তিনি বলেন, চাঁদা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।