কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন আশির দশকের ‘রেট্রো ফ্যাশন’ নিয়ে। পুরোনো দিনের পোশাক ও সাজসজ্জার চলতি ট্রেন্ড তাকে ফিরিয়ে নিয়েছে নিজের স্কুলজীবনের মধুময় স্মৃতিতে।
বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর ) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে আশির দশকের ফ্যাশনের একটি ছবি পোস্ট করে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘দুনিয়া যখন ৮০-র রেট্রো ফ্যাশনে উত্তাল, হঠাৎ খেয়াল করলাম সোশ্যাল মিডিয়া সময়ের গল্প বলছে।’ বেলবটম জিন্স ও ডেনিম জ্যাকেটসহ আশির দশকের জনপ্রিয় ফ্যাশনের প্রসঙ্গ টেনে তিনি পুরোনো দিনের স্মৃতিচারণ করেন।
জসিম উদ্দিন লেখেন, ‘স্কুলে যাওয়ার আগে রেট্রো স্টাইল সেই সানগ্লাস পরে আয়নায় নিজেকে কতবার দেখতাম! আর এখন যখন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ভরে উঠছে সেই পুরনো দিনের ফ্যাশনে, তখন মনটা ভালো হয়ে গেল, আমিও যুক্ত হলাম এই ট্রেন্ডে।’পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘৮০-র দশক আমাদের শিখিয়েছে সাহস করে নিজেকে প্রকাশ করতে। আজকালকার জেনারেশনও যে সেই স্টাইলটা এত ভালোবাসবে, ভাবতেই পারিনি!’
রাজনীতির ব্যস্ততার বাইরে নিজের শৈশব-কৈশোরের স্মৃতি ও ব্যক্তিগত অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন এই সংসদ সদস্য। তার এই পোস্টে পুরোনো দিনের ফ্যাশনের প্রতি নস্টালজিয়ার পাশাপাশি নতুন প্রজন্মের জনপ্রিয় ট্রেন্ডের সঙ্গে তার সহজাত সম্পৃক্ততার বিষয়টিও উঠে এসেছে। চলমান ট্রেন্ডের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন প্রজন্মের মনেও বিশেষ জায়গা করে নিয়েছেন এই জনপ্রতিনিধি।