পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীপক চন্দ্র শীল (৪৭) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দীপক চন্দ্র শীল কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন দীপক চন্দ্র শীল। প্রথমে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর তার রক্তের প্লাটিলেট কমে যায়। পরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তার বাবা বিজয়কৃষ্ণ শীল।