বিনোদন ডেস্ক || দার্জিলিংয়ের পর এবার ‘রুদ্ধশ্বাস রাজস্থান’, আসছে ‘একেনবাবু’।
দার্জিলিংয়ের পর এবার রাজস্থান। ফের রহস্যের সমাধানে একেনবাবু! হ্যাঁ, ফের পর্দায় আসতে চলেছে একেনবাবু। ছবির নাম ‘দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান’। আগের ছবির মতো এই ছবিতেও দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষকে। ছবির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। খবর অনুযায়ী, এই ছবির শুটিং শুরু হবে ১ ডিসেম্বর থেকে। শুটিং হবে যোধপুর ও জয়সলমীরে।
ওয়েব সিরিজে একেনবাবু দারুণ সফল। সেই সাফল্যকে সঙ্গে নিয়ে বড়পর্দায় তৈরি হয় ‘একেনবাবু’ ছবি। ওয়েব সিরিজের মতো ছবি হিসেবেও দারুণ জনপ্রিয় হয় একেনবাবুর কাণ্ডকারখানা। একেনবাবুকে নিয়ে আরো ছবি তৈরি করার পরিকল্পনা ছিল তখন থেকেই। পরিকল্পনা মতোই এবার নতুন গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান’।
চার বছর ধরে একেনবাবুর চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। তার অভিনয়ের জাদুতেই চরিত্রটি ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছে। এবার এসভিএফের প্রযোজনায় বড়পর্দায় একেনবাবুর চরিত্র ফুটিয়ে তুলতে পেরে খুশি অভিনেতা।
বাঙালিদের কাছে গোয়েন্দা মানেই ফেলুদা, ব্যোমকেশ। তবে একেনবাবু এদের থেকে অনেকটাই আলাদা। তবুও বড়পর্দায় গোয়েন্দা গল্প নিয়ে ছবি তৈরি হলেই ব্যোমকেশ, ফেলুদার সঙ্গে তুলনা শুরু করেন অনেকে।