রংপুরের গঙ্গাচড়ায় দুঃস্থ ও অসহায় ২৫ পরিবারের মাঝে বিনামূল্যে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে। পরিবারের আয় বাড়িয়ে স্বাবলম্বী করে তুলতে দুঃস্থ উন্নয়ন সংস্থা—ডাসের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ডাক্তারপাড়ায় ডাসের সম্মেলন কক্ষ ও অফিস প্রাঙ্গণে ছাগল বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২৫ জন উপকারভোগীর প্রত্যেকের হাতে দুটি করে ছাগল তুলে দেওয়া হয়।

‎আয়োজকরা জানান, ছাগল পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর বাড়তি আয়ের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। একটি ছাগল থেকে ধীরে ধীরে বংশবৃদ্ধির মাধ্যমে পরিবারের সম্পদ ও আয় বাড়ানোর সুযোগ রয়েছে। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ উদ্যোগ দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বিতা অর্জনে ভূমিকা রাখবে।

‎ছাগল পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগীরা। তাঁরা বলেন, বিনামূল্যে পাওয়া ছাগলগুলো লালন-পালন করে ভবিষ্যতে পরিবারের আয় বাড়াতে পারবেন। এ সহায়তা তাঁদের জন্য নতুন আশার সুযোগ তৈরি করেছে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবতাবুরজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রংপুরের অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুল ইসলাম সরদার
‎ আহসান হাবিব রবু, এডহক নির্বাহী কমিটির সদস্য, ইনসাফ রংপুরের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, প্রগতি ব্যামাগার রংপুরের কো-অর্ডিনেটর সাখাওয়াত হোসেন সোহাগ ও সাংবাদিক চঞ্চল মামুদ।

‎দুঃস্থ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. চাঁদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ছাগল পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ ও উৎপাদন বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

‎বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ), ঢাকার সহযোগিতায় এবং দুঃস্থ উন্নয়ন সংস্থা—ডাসের বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।