গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির শুভ উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ. কে. এম ফজলুল হক মিলন। অনুষ্ঠানের শুরুতে নবনির্মিত ভবনের ফলক উন্মোচন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন চারতলা একাডেমিক ভবনটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে। ভবনটি নির্মাণের ফলে শ্রেণিকক্ষ সংকট দূর হওয়ার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে। প্রধান অতিথি এ. কে. এম ফজলুল হক মিলন বলেন, শিক্ষা খাতের উন্নয়নে সরকারের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার এবং সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু,উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আজিজুল হক আজিজ, গাজীপুর জেলা কৃষকদলের আহবায়ক মাহবুব হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার বিপুলসংখ্যক মানুষ । অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।