জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মিয়াকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্যসচিব আব্দুল হামিদ বুরহানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।বহিষ্কারাদেশে বলা হয়েছে- ‘দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মাদারগঞ্জ পৌর শাখার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল মিয়াকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’

একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে রাসেল মিয়ার সঙ্গে কোনো ধরনের দলীয় ও সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সংগঠনের ভাবমূর্তি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো অপকর্মের বিরুদ্ধে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘গত দুই মাসে মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের অন্তত ২৬টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মঙ্গলবার স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’