নাটোর প্রতিনিধি || ডিসি সড়কে ফেলে যাওয়া সেই মায়ের পাশে।
নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের কেশবপুরের একটি সড়কের পাশে ফেলে যাওয়া ১০৭ বছর বয়সী তারাবানুর পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। তিনি ওই মায়ের জন্য নগদ টাকা, শীতের কাপড় ও সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন। একই সঙ্গে তারাবানুর দেখভালের দায়িত্ব তার মেয়ে বানুর হাতে ন্যাস্ত করেছেন।
শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা জোবায়ের হাবিব।
জোবায়ের হাবিব বলেন, ‘মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক শামীম আহমেদ ঘটনাস্থলে গিয়ে সার্বিক বিষয় অবগত হন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও সড়কে ফেলে যাওয়া নারীর ছেলে-মেয়েদের সঙ্গে কথা বলেন। এর আগে ওই নারীকে দেখাশোনা করতেন তার বড় মেয়ে।’

তিনি আরও বলেন, ‘সার্বিক পরিস্থিতি ও সবার মতামত নিয়ে বৃদ্ধ ওই মাকে তার মেয়ে বানুর হাতে তুলে দেওয়া হয়েছে। এখন থেকে তিনি তার মায়ের দেখভাল করবেন। এছাড়া তারাবানুর বয়স্ক ভাতার টাকা তার বড় ছেলে নিতেন। ওই টাকা এখন থেকে তারাবানুর মেয়ে পাবেন এমন ব্যবস্থা নিতে চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউপি মেম্বর নূরুল ইসলাম বাবু জানান, ডিসির নির্দেশ অনুযায়ী ইউপি চেয়ারম্যান ও আমি ওই নারীর সার্বিক খোঁজ রাখছি’।
জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ বলেন, ‘শতবর্ষী মাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে রেখে যাওয়ার বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নিয়েছি। ওই মায়ের জন্য নগদ ৫ হাজার টাকা ও শীতের কাপড় দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়া তার জন্য প্রতিমাসে খাওয়া-পরা বাবদ প্রয়োজনীয় সব জিনিসপত্রসহ সরকারি সুযোগ সুবিধা সরবরাহ করা হবে।’