নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সড়ক বন্ধ করে আ.লীগের শান্তিসমাবেশ, তীব্র যানজট|

রাজধানীর বাড্ডা-রামপুরা সড়ক অবরোধ করে সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এর ফলে ওই সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

জানা গেছে, বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য-সহিংসতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে শান্তিমিছিল আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। মিছিল শুরুর আগেই সমাবেশস্থল ও রাজপথে জড়ো দল ও অঙ্গ সংগঠনের হয়েছে হাজার হাজার নেতাকর্মী।

শনিবার (৫ নভেম্বর) মধ্য বাড্ডা ইউলুপ সংলগ্ন এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে জোন ভিত্তিক (গুলশান) শান্তিসমাবেশ ও প্রতিবাদ মিছিল শুরু হয় বিকাল সাড়ে তিনটায়। তার আগেই বিভিন্ন মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। প্রতিবাদ মিছিলটি মধ্যবাড্ডা ইউলুপ থেকে শুরু হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হওয়ার কথা।

এ ব্যাপারে বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এম জাহাঙ্গীর আলম বলেন, তাদের একাত্তরের মতো পরাজিত করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করবো। বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে। নৈরাজ্য-সহিংসতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সবসময় সক্রিয় থাকবে বলেও তিনি জানান।

শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। মিছিলের নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট