নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সমাবেশের আগে রাজশাহী বিএনপিতে বিরোধ প্রকাশ্যে|
আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির গণসমাবেশ। কিন্তু ঐক্যবদ্ধ না হয়ে আবারো বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বিরোধ প্রকাশ্যে এলো।
শনিবার সন্ধ্যার পর মহানগর কৃষক দলের নবগঠিত কমিটির পরিচিত সভায় বিএনপি নেতাদের মধ্যে বিরোধ তুঙ্গে উঠে। মহানগর বিএনপি কার্যালয়ে ঘটে এ ঘটনা।
তবে বিএনপি নেতারা বলছেন, এটা দলীয় বিরোধ নয়। পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে মাত্র। সবকিছু ঠিক আছে।
খবর পেয়ে মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ ছুটে যান ঘটনাস্থলে। মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশাও যান দলীয় কার্যালয়ে। বেশ কিছুক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি চলে। এক ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে দলীয় কার্যালয় খুলে দিলে মহানগর কৃষক দলের নেতাকর্মীরা তাদের পরিচিতি সভা করেন।
রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা বলেন, অফিসের দরজা খোলা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে মাত্র। পরে অফিস খুলে দেওয়া হয়। পিয়নের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে মাত্র।
উল্লেখ্য, গত বছর ১০ ডিসেম্বর রাজশাহী মহানগর বিএনপির কমিটি ভেঙ্গে দিয়ে অ্যাডভোকেট এরশাদ আলী ইশাকে আহবায়ক ও মামুনুর রশিদকে সদস্য সচিব করে ৯ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। পরে চলতি বছরের ৪ মার্চ ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।
এদিকে আহবায়ক কমিটি ঘোষণার পর থেকে আহবায়কের সঙ্গে সদস্য সচিবের বিরোধ প্রকাশ্যে আসে। কেন্দ্র থেকে একাধিকবার রাজশাহী মহানগর বিএনপির বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও তা হয়নি।
রাজশাহী বিভাগীয় মহাসমাবেশকে সামনে রেখে গত ১ নভেম্বর কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতেও রাজশাহী মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা হয়। কিন্তু তাতেও বিরোধের অবসান ঘটেনি বলে দলীয় নেতাকর্মীরা জানান
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট