নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || হারিয়ে যাওয়া গণতন্ত্র ও বাংলাদেশের জন্য লড়াই করছি: মির্জা ফখরুল|
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন।
এজন্যই দিনটি দেশের মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সোমবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন।
মহাসচিব বলেন, ৭ নভেম্বর শুধু একটি দিবস নয়। যুদ্ধোত্তর স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুসংহত করার দিন ছিল দেশের মানুষের জন্য। সেদিন বাংলাদেশের শত্রুদের পরাজিত করে বাংলাদেশকে রক্ষা করার মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়েছিলেন দেশপ্রেমিক সৈনিকরা। তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তী সময়ে ভয়াবহ একদলীয় শাসন ব্যবস্থা দেখেছি। সেটাকে পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন অর্থনৈতিক ধারার পাশাপাশি মুক্ত অর্থনীতির ধারা চালু হয়।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখনো তার হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছে। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং ৩৫ লাখ নেতাকর্মীর মামলা থেকে মুক্তি এবং সমৃদ্ধ অর্থনীতির জন্য আমরা লড়াই করছি। আজকের দিনে আমাদের শপথ-দেশনেত্রীর মুক্তি, তারেক রহমানকে ফিরিয়ে আনা। এছাড়াও দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট