নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নির্বাচন ইস্যুতে হস্তক্ষেপ করার ক্ষমতা নাই জাতিসংঘের|
আগামী জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা নাই। এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের বিষয়। ভোট ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘকে বললে অথবা নিরাপত্তা পরিষদ থেকে বলা হলেই জাতিসংঘ কাজ করতে পারবে। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকার কূটনৈতিক বিটের সাংবাদিকদের সঙ্গে ডিকাব-টকে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।
আরেক প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে গত কয়েক মাসে কিছু ব্যক্তি হতাহত হয়েছে, যা খুবই উদ্বেগের। এ জন্য নিরাপদে কীভাবে রাজনৈতিক কার্যক্রম চালানো যায়, সেটা নিয়ে সংলাপ হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, মানবাধিকার ইস্যুতে জাতিসংঘের বিশেষ দূত বাংলাদেশ সফর করে দু’টি পরামর্শ দিয়ে গেছে। এই বিষয়ে গত সোমবার সরকারের সঙ্গে জাতিসংঘ একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে উপস্থিত ছিল। সেখানে মানবাধিকার ইস্যুতে মনিটরিং প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ হয়েছে।
রোহিঙ্গা ইস্যুতে গোয়েন লুইস বলেন, গত ৫ বছরে একজনও রোহিঙ্গা তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারেনি, এটা উদ্বেগজনক। এতো বছরধরে বাংলাদেশ রোহিঙ্গা জনগোষ্ঠীদের মানবিক সহায়তা দিয়ে আসছে যা প্রশংসার দাবি রাখে। বৈশ্বিক অনেক সঙ্কট সামনে চলে আসায় রোহিঙ্গা সঙ্কট এখন বৈশ্বিক এজেন্ডাতে ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। জাতিসংঘ রোহিঙ্গা ইস্যুকে ধরে রাখার জন্য চেষ্টা করছে। পাশাপাশি নিরাপদে, সম্মানের সঙ্গে এবং স্বেচ্ছায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে জাতিসংঘ মিয়ানমারের সঙ্গে কাজ করছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা তহবিলের সঙ্কট যাতে না পড়ে এজন্য জাতিসংঘ সংশ্লিষ্টদের নিয়ে কাজ করছে। রোহিঙ্গা তহবিলের ৭ শতাংশ প্রশাসনিক কাজে ব্যয় হয়, বাকি ৯৩ শতাংশ ব্যয় হয় রোহিঙ্গাদের পেছনে।
তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ সন্তোষজনক। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের ৬ হাজার ৮০০ শান্তিরক্ষী রয়েছে। সেখানে বাংলাদেশের ৫০০ নারী শান্তিরক্ষী রয়েছেন। এটি খুব ইতিবাচক। তারা বিশ্বের বিভিন্ন স্থানে শান্তি রক্ষায় কাজ করছে।
গোয়েন লুইস বলেন, জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতির প্রভাবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি মোকাবিলায় জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করছে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট