মাল্টা চাষে স্বাবলম্বী মুক্তার
- প্রকাশের সময় : ০৭:৩৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ৬০৬ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট || মাল্টা চাষে স্বাবলম্বী মুক্তার।
গাছের ভরপুর মাল্টায় ডালপালা নুয়ে পড়ছে। সবুজ রংয়ের এই রসাত্বক ফলটি দেখতে যেমন সুন্দর ঠিক খেতেও তেমনই স্বাদ। অন্যান্য মাল্টার চেয়ে রস বেশি এই মাল্টায়। যেদিকে চোখ যায় এ যেনো এক মাল্টা গ্রাম।
লক্ষ্মীপুরের রায়পুর চরলক্ষ্মী ইউপির হাজিমারা গ্রামে বাণিজ্যিকভাবে সাড়ে ৮ একর জমির ওপর গড়ে উঠেছে মাল্টা বাগান। মুক্তারের সাফল্য দেখে স্থানীয় বেকার যুবকরাও দিন দিন মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠছে। মাটির সারি-সারি উচু লেন, তার ওপরেই কয়েক হাজার মাল্টা গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।
বর্তমানে এ বাগানে রয়েছে ১৫০০টি মাল্টা ফলের গাছ। উৎপাদিত মাল্টা বাজারজাত করে তরুণ কৃষি উদ্যোক্তা রেজাউল করিম মুক্তার সাফল্য দেখছেন প্রতিবছর। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডস্থ বেড়ীর মাথা নামক এলাকার বাসিন্দা।
‘ইউটিউব’ দেখে নিজের মেধা খাটিয়ে বিশাল এ মাল্টা বাগান গড়ে তুলেন। এজন্য তিনি পারিবারিকভাবে মূলধনও পান ৮০ লাখ টাকা। তার এ বাগানকে ঘিরে ১৫-২০ জন বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এদিকে লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলে প্রশিক্ষণহীন এক যুবকের কৃষিতে এমন সাহসিক সাফল্য দেখে অভিভূত খোদ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। মাল্টার ফলন বৃদ্ধিতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছেন।

জানা যায়, ২০১৬ সালে মাধ্যমিক পরীক্ষা উর্ত্তীণের পর মুক্তার কিছু দিন বেকার ঘুরাঘুরি করেন। প্রবাসী বড় ভাই আজিম ভূঁইয়ার উৎসাহ উদ্দীপনায় মাল্টা চাষে ঝুঁকে পড়েন। তিনি বিগত ৫ বছর আগে আত্মীয়দের কাছ থেকে সাড়ে ৮ একর জমি ১০ বছরের চুক্তিতে ১২ লাখ টাকা বিনিময়ে ভাড়া নেন। এরপর ইউটিউব দেখে-দেখে মাল্টা চাষের উপযোগী করে তুলতে তৈরি করেন সমতল থেকে উঁচু উঁচু মাটির লেন। যা বর্ষায় মৌসুমেও মাল্টা গাছকে পানিমুক্ত রাখবে। প্রথমবার ৩ হাজার কলম চারা লাগান ওই বাগানে। কিন্তু কোনো কিছু বুঝে উঠার আগেই হঠাৎ মারা যায় সবগুলো মাল্টা গাছ। এতে সার ও কিটনাশকসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতির শিকার হন তিনি। তবে তিনি একটুও ভেঙে পড়েন নি এ লোকশানে। পারিবারিক উৎসাহ ও নিজের আত্মবিশ্বাস থেকে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে তিনি নেমে পড়েন।
সাফল্যের কথা মাথায় রেখে পুনরায় রাজশাহী থেকে এক বছর বয়সী মাল্টার কলম চারা এনে রোপণ করেন তিনি। সার ও কিটনাশক প্রয়োগসহ নিয়মিত সেচ ও আগাছা পরিচর্যায় বাগানেই ব্যস্ত থাকেন তিনি এবং মজুরি ভিত্তিক নিয়োগকৃত শ্রমিকরা।
শ্রমিকরা জানান, মুক্তারের মাল্টা বাগানের কারণে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তাদের। বর্তমানে বাগানে ‘বারি মাল্টা-১’ জাতের প্রায় ১৫০০ মাল্টার গাছ রয়েছে। মাল্টার পাশাপাশি ওই জমিতে ১০০০ বিভিন্ন জাতের আম, বেশ কয়েকটি কমলা, লেবু ও পেঁপে গাছ রয়েছে। এছাড়াও মুক্তারের আরো দুই একর জমিতে রয়েছে ৪ হাজার পেয়ারা গাছের বাগান।
বাগান মালিক রেজাউল করিম মুক্তার জানান, মাল্টা বাগানই মোড় ঘুরিয়ে দিয়েছে আমার জীবনের। প্রথম দু’বছর ফলন আসলেও লাভের আশা না করে তা ছেটে ফেলে দিয়ে মাল্টার চারাগুলোকে সুযোগ দেয়া হয় বড় হওয়ার। ফলগুলোকে তৃতীয় বছর থেকে বড় হওয়ার সুযোগ দেন। এতে প্রায় ১০ লাখ টাকার মাল্টা বিক্রি হয় তৃতীয় বছরে। চতুর্থ বছরে অর্থাৎ গত বছর প্রায় ১৫ লাখ টাকার মাল্টা বাজারের আড়ৎ দারদের কাছে বিক্রি করেছেন তিনি। চলতি বছর ফলন ভালো হওয়ায় এবং বাজার দর ভালো পেলে মাল্টা বিক্রিতে ৩০ লাখ টাকা লাভের আশা করছেন তিনি।
তিনি আরো জানান, ১ বছর বয়সী চারা লাগানোর ফলে ফলন আসতে শুরু করে ২ বছর পর থেকেই। এক-একটি মাল্টা গাছের যত্মের পেছনে প্রায় ৫ হাজার টাকা খরচ হয়েছে তার। সে হারে প্রতি গাছে ৩ থেকে ৪শ টিরও বেশি মাল্টা ফল ধরে। সঠিক যত্ন নিলে এক একটি মাল্টা গাছ ফলন দিয়ে থাকে ১০ বছর পর্যন্ত। তাই মাল্টা চাষে তিনি স্বপ্ন দেখছেন স্বাবলম্বী হওয়ার।
এদিকে নিজ এলাকায় এখন মুক্তার একজন সফল কৃষি উদ্যোক্তার নাম। প্রতিদিন আশপাশসহ দূর দূরান্তের বহু মানুষ ঘুরতে আসেন মুক্তারের মাল্টা বাগান দেখতে। সুন্দর মনোরম পরিবেশে সাজানো গুছানো মাল্টা বাগানে থোকায় থোকায় ঝুলে থাকা মাল্টাগুলো দেখে অভিভুত হচ্ছেন দর্শনার্থীরা। অনেকে বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন মাল্টা। এর মধ্যে অনেক বেকার যুবক উদ্বুদ্ধ হয়ে নিজেরাও ছোট ছোট মাল্টা বাগান করার চেষ্টা করছেন। মুক্তার তাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। এবছর প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় মুক্তারের মাল্টাবাগানে দেখা দিয়েছে সেচ সংকট। তাই সেচ সুবিধার জন্য সরকারের কাছে একটি কৃষি সেচ যন্ত্রের সহায়তার প্রত্যাশা করছেন এই নবীন কৃষি উদ্যোক্তা মুক্তার।
লক্ষ্মীপুর শহরের দালাল বাজার এলাকার মো. বাবুল প্রতিদিনের পোস্টকে বলেন, বিশাল বাগানে মাল্টা চাষ হয় এমন কথা শুনে একদিন বিকেলে সহপাটিদের নিয়ে এ মালটা বাগান দেখতে আসি। দেখি তরুণ যুবক এতো বড় বাগান করে লাভ করছে। সেই দিনই পরামর্শ নেই তার কাছ থেকে। পরে তার দেয়া মাল্টার চারা নিজের পতিত জমিতে মাল্টা রোপন করি। আশা করি কিছু দিনের মধ্যে শুরু করবে ফলন আশা।
রায়পুর পৌর এলাকার রিয়াজ উদ্দিন ও লক্ষ্মীপুরে নুরুল ইসলাম জানান, তারা সবাই এখন মাল্টা চাষি কৃষি উদ্যোক্তা।
এদিকে সম্প্রতি রায়পুরের হাজিমারা গ্রামে তরুন কৃষি উদ্যোক্তা মুক্তারের মাল্টা বাগান পরির্দশে যান লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর এর উপ-পরিচালক ড. মো. জাকির হোসেন ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মনির হোসেন। তারা বিশাল মাল্টা বাগান দেখে অভিভূত হন।
জেলা কৃষি কর্মকর্তা প্রতিদিনের পোস্টকে বলেন, এমন মাল্টা বাগান, যেমন গাছের গ্লোদ ভালো, তেমনি অধিক ফলন, বিষয়টি মুগ্ধকর। মাল্টা বাগানের ফলন আরো বৃদ্ধির জন্য কৃষি বিভাগ থেকে সব ধরণের সার্বিক সহযোগিতা করা হবে। মুক্তারকে দেখে মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। এ অঞ্চলে ভালো সম্ভবনা থাকায় মাল্টা চাষে দিন দিন আবাদ বাড়ছে। জেলায় এ বছর প্রায় ২০ হেক্টর জমিতে মাল্টা চাষ হয়েছে বলে জানান তিনি।
জেলাকৃষি বিপণন কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, মাল্টার ফলন ভালো হয়েছেন মুক্তারের। তবে তার কিছুটা সমস্যা হচ্ছে বেচাবিক্রিতে। আমরা আমাদের মতো করে তাকে সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছি। বেশ কয়েক টন মাল্টা বিক্রি করে দিয়েছি আমরা নিজেরাই। শুধু তাই নয়, বাইরের মাল্টার চেয়ে এই মাল্টার গুণাগুণ ভালো হওয়ায় ব্যবসায়ীদের উদ্ধুদ্ধ করছি। তারাও মুক্তারের বাগানের মাল্টা বিক্রি করবে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট


















