সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির
- প্রকাশের সময় : ০৭:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 8 বার পড়া হয়েছে
সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো গুজবে কান না দেওয়া এবং উসকানিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি জুলফিকার আলী হায়দার। একই সঙ্গে কেউ যাতে পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বরগুনার আমতলী উপজেলায় শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ বছর আমতলী উপজেলায় ১৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এসব পূজামণ্ডপের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
ডিআইজি জুলফিকার আলী হায়দার বলেন, একদিন পরই পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়বে। সেখানে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিরা আসবেন। তাঁদের নিরাপদ চলাচল ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কোনো গোষ্ঠী উসকানিমূলক প্রচারণা চালাতে পারে। তাই এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত হওয়া যাবে না এবং কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কোথাও কোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা স্থানীয় থানা-পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। পুলিশ অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশ্বস্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন,
আমতলী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাসের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন।
সভায় বক্তব্য দেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরতই খুদা বিপিএম, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকির, সাবেক সাধারণ সম্পাদক মো. তুহিন মৃধা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির ফকির এবং গুলিশাখালী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি মনিন্দ্র নাথ মাঝি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আমতলী-তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব মো. জালাল আহমেদ খান, যুবদল নেতা মেহেদী হাসান রাকিব, উপজেলা কেন্দ্রীয় দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক বিল্টু পাল, সিনিয়র সাংবাদিক সাইফুল্লাহ নাসির, হায়াতুজ্জামান মিরাজ, নাসির উদ্দীন মাহমুদ, মহসিন মাতুব্বর, সজিব মিয়া, মৃধা বেলাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী জোসেফ মাহতাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিয়মিত খোঁজখবর নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আমতলীর সনাতন ধর্মাবলম্বীরা।
তাঁরা আশা প্রকাশ করেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় আমতলীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।





















