বালুর বিরুদ্ধে সংবাদ, এরপর হুমকি; গঙ্গাচড়ায় সাংবাদিক রক্তাক্ত
- প্রকাশের সময় : ০৬:৪১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 18 বার পড়া হয়েছে
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়ে সংবাদ প্রকাশের পর হুমকি—এরপর রংপুরের গঙ্গাচড়ায় সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উমর বাজার এলাকায় হামলায় মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
হামলায় মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন আব্দুল বারী দুলাল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আব্দুল বারী দুলাল দৈনিক লাখোকণ্ঠ ও দৈনিক প্রতিদিনের বার্তার গঙ্গাচড়া প্রতিনিধি। তিনি গঙ্গাচড়া উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতিও।
হামলার শিকার সাংবাদিকের অভিযোগ, গত ৩০ সেপ্টেম্বর উমর এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযানের সংবাদ প্রকাশের পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার কামরুল হাসান, আমানুল্লাহ আমানসহ কয়েকজন তার ওপর হামলা চালান।
এর আগে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসন। অভিযানে বালু উত্তোলনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নেওয়া হয়।
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দা জানিয়েছে। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুছ সবুর বলেন, ‘এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


























