নবীনগরে আওয়ামী লীগ নেত্রী পুতুল গ্রেফতার
- প্রকাশের সময় : ১১:০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / 586 বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাবিনা ইয়াসমিন পুতুল (৩৯) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) রাত ১০ টার দিকে নবীনগর থানা পুলিশ তার বাসা থেকে আটক করেন।
নবীনগর পৌরসভার আলমনগর গ্রামের বাসিন্দা সাবিনা ইয়াসমিন পুতুল একজন পরিচিত সমাজসেবিকা ও রাজনৈতিক ব্যাক্তিত্ব। এছাড়াও নবীনগর সমবায় সুপারমার্কেটের একজন মনোহরি ব্যবসায়ী ও দৈনিক ভোরের সময় পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
এদিকে জেলা বিএনপির সদস্য হযরত আলী সহ বিএনপির একাধিক নেতাকর্মীরা বলেন, “তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও অবমাননাকর আচরণ ও কটূক্তি করেছে সাবিনা ইয়াসমিন পুতুল। আমরা পুতুলের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পুতুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
তাদের দাবি, গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে পরাজিত হয়েও ক্ষমতার দাপট দেখিয়ে নিজেকে জনতার ভাইস চেয়ারম্যান পরিচয় দিয়ে থাকে এই পুতুল। তার নিজস্ব ফেইসবুক পেইজ ‘জনতার ভাইস চেয়ারম্যান পুতুল’নামের ওই আলোচিত পেইজ থেকে কটূক্তি করে পোস্ট দিয়ে থাকেন। তার যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ঠ।
এ ঘটনায় নবীনগর থানার সামনে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, ৫ আগস্টের আগে উপজেলার শিবপুরে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পুতুলের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।




























