নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১
- প্রকাশের সময় : ০৬:৪৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 17 বার পড়া হয়েছে
নরসিংদীর শিবপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৯৮ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবকের তিন সহযোগী পালিয়ে যায়।
৯ অক্টোবর দিবাগত রাত ১০টা ২০ মিনিটে শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শাষপুর শহীদ মিনার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে ইমন মিয়া (২৬) নামের এক যুবককে আটক করা হয়। তবে তাঁর তিন সহযোগী আরমান খন্দকার (৩২), নাহিদ হাসান (২০) ও সালমান খন্দকার (৩০) পালিয়ে যায়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সিলভার রঙের একটি টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৭-৮০৫১) তল্লাশি করে গাড়ির ডালার ভেতরে দুটি প্লাস্টিকের বস্তায় লুকানো ১৯৮ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত কাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এই প্রাইভেটকার ব্যবহার করে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক তিনজনের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





















