সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক, আকুতি-মিনতিতেও মন গলল না স্বামীর
- প্রকাশের সময় : ০৮:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 14 বার পড়া হয়েছে
সাত বছরের দাম্পত্য জীবন ইতি আক্তার ও রনি খানের। একসাথে পথচলার দীর্ঘসময় পেরিয়ে গেলেও সংসারে আসেনি কোনো সন্তান। আর সেই সন্তান না হওয়ার বিষয়টিকে ঘিরেই ভাঙনের মুখে পড়েছে একটি সংসার। স্বামীর কাছ থেকে বিচ্ছেদ ঠেকাতে শেষপর্যন্ত পা ধরে আকুতি-মিনতি করেন অসহায় স্ত্রী ইতি আক্তার। কিন্তু স্ত্রীর এমন আকুতি-মিনতিতেও মন গলেনি স্বামীর।
পাথরের মতো কঠোর অবস্থানে বসে থেকে স্বামী চাইছেন বিচ্ছেদ। ঘটনাটি বরিশালের হিজলা উপজেলার। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।
ভিডিওতে দেখা গেছে, স্থানীয় গ্রাম্য সালিশের মধ্যে বসে স্বামীকে তালাক না দেওয়ার জন্য বারবার অনুরোধ করছেন স্ত্রী। একপর্যায়ে স্বামীর পা ধরে বিলাপ করে কান্নাজড়িত কন্ঠে সংসার টিকিয়ে রাখার আকুতি জানাচ্ছেন অসহায় স্ত্রী। তবে স্ত্রীর সেই আকুতি-মিনতিতে স্বামীর মন গলেনি। অবশেষে শুধুমাত্র সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে ডির্ভোস দিয়েছেন তার স্বামী। ফলে ইতি আক্তারের সাত বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানের চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা করিয়ে তিনি জানতে পেরেছেন তার স্ত্রী কখনো মা হতে পারবে না। তাই তিনি তার স্ত্রীকে নিয়ে আর সংসার করবেন না। অবশেষে সাত বছরের সংসার করা স্ত্রীকে শুধু সন্তান না হওয়ার অজুহাতে ডিভোর্স দিয়েছেন ওই স্বামী। ফলে সাত বছরের ওই দম্পতির সংসার জীবনের অবসান ঘটেছে।
অসহায় ইতি আক্তারের বাড়ি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে। আর স্বামীর বাড়ি মেহেন্দিগঞ্জের বাবনের চর এলাকা। বর্তমানে তারা নরসিংদীতে বসবাস করছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তালাকপ্রাপ্তা নারী।






















