অনিয়মের অভিযোগে নির্বাচন অফিস পরিদর্শন করলেন এমপি মান্নান
- প্রকাশের সময় : ০২:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচন অফিসে বিভিন্ন অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে আকস্মিক পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপি।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি পূর্ব ঘোষণা ছাড়াই উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হন। এ সময় নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও অন্যান্য সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সেবা গ্রহণে কোনো ধরনের হয়রানি, অনিয়ম বা অবৈধ অর্থ লেনদেনের শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য উপস্থিত সেবাগ্রহীতাদের উদ্দেশে বলেন, “আমি সরাসরি আপনাদের সমস্যার কথা জানতে এসেছি। ভোটার হতে গিয়ে কিংবা এনআইডি-সংক্রান্ত কোনো সেবা নিতে যদি কেউ হয়রানি করে, অবৈধভাবে অর্থ দাবি করে বা সেবা দিতে গড়িমসি করে, তাহলে আমাকে জানাবেন। জনগণের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ বা হয়রানি বরদাশত করা হবে না।”
এ সময় তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিককে কঠোরভাবে সতর্ক করে বলেন, নতুন ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধনের ক্ষেত্রে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন। সরকারি সেবা শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনের সময় এক প্রবাসী নাগরিকের হয়রানির অভিযোগ শুনে সংসদ সদস্য তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি প্রবাসীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি কমাতে উপজেলা নির্বাচন অফিসে একটি স্বতন্ত্র প্রবাসী সেবা ডেস্ক চালু ও সেবা নিতে আসা সকলের জন্য বসার স্থান ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেন।
এ সময় নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের আকস্মিক পরিদর্শনে সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের নজরদারি অব্যাহত থাকলে নির্বাচন অফিসে সেবার মান আরও উন্নত হবে এবং অনিয়ম ও হয়রানি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এসময়-উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,পল্লী উন্নয়ন সমবায় সমিতির চেয়ারম্যান রাশেদুল ইসলাম কাজী সুমন প্রমুখ।






















