ভুয়া নিয়োগ, সাজানো পরীক্ষা, জাল নিয়োগপত্র—অবশেষে গ্রেপ্তার প্রধান আসামি
- প্রকাশের সময় : ০৭:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 2 বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত ও মৌখিক পরীক্ষার আয়োজন—এভাবেই চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতির এ ঘটনায় চক্রের প্রধান আসামি আব্দুস সালামকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে রংপুর মহানগরীর আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৩-এর তথ্য অনুযায়ী, চক্রটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে প্রায় ১০০ চাকরিপ্রার্থী আবেদন করেন। পরে রংপুরে লিখিত ও রাজশাহীতে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এমনকি ২০২৪ সালের ৩ ডিসেম্বর ৪২ জনের নিয়োগের ভুয়া অফিস আদেশও প্রকাশ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযানে একটি ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের চেকবইয়ের ফাঁকা পাতা ও চাকরিসংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গত ২৭ অক্টোবর পীরগঞ্জ থানায় প্রতারণার মামলা হয়। গ্রেপ্তার আসামিকে জব্দ করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
























