শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে!
- প্রকাশের সময় : ১১:১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 3 বার পড়া হয়েছে
ভাবুন, হঠাৎ আপনার ফোনটি অন্য কারও হাতে গেল। ফোন আনলক করতেই একের পর এক হোয়াটসঅ্যাপ মেসেজ চোখের সামনে। বন্ধুর সঙ্গে ব্যক্তিগত কথা, পরিবারের ছবি কিংবা গুরুত্বপূর্ণ কোনো নথি সবই তখন অন্যের নজরে পড়ার ঝুঁকিতে।
তবে এমন পরিস্থিতি এড়াতে হোয়াটসঅ্যাপে রয়েছে ‘চ্যাট লক’ সুবিধা। নির্দিষ্ট কোনো কথোপকথন লক করে সেটিকে সাধারণ চ্যাট তালিকা থেকে সরিয়ে রাখা যায়। চাইলে আরও এক ধাপ এগিয়ে ‘সিক্রেট কোড’ ব্যবহার করে লক করা চ্যাটের ফোল্ডারটিও লুকিয়ে রাখা সম্ভব।
হোয়াটসঅ্যাপের এই ফিচারে যা থাকছে
নির্দিষ্ট চ্যাট লক করে সাধারণ চ্যাট তালিকা থেকে সরিয়ে রাখতে পারবেন।
সিক্রেট কোড দিয়ে লক করা চ্যাটের ফোল্ডারও লুকিয়ে রাখতে পারবেন।
লক করা চ্যাট খুলতে ফোনের পাসকোড, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি ব্যবহার করতে হবে।
চ্যাট লক করলেও ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপ কল বন্ধ হবে না।
লক করা চ্যাটে নতুন মেসেজ এলে নোটিফিকেশনে সাধারণত মেসেজের বিস্তারিত দেখা যাবে না।
অ্যান্ড্রয়েড ও আইফোন দুই ডিভাইসেই চ্যাট লক ব্যবহার করতে পারবেন।
হোয়াটসঅ্যাপে চ্যাট লক চালু করবেন যেভাবে
যে চ্যাটটি গোপন রাখতে চান, প্রথমে সেটি খুলুন।
চ্যাটের অপশনে গিয়ে ‘চ্যাট লক’ নির্বাচন করুন।
ফোনের পাসকোড, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি দিয়ে লকটি নিশ্চিত করুন।
লক করার পর চ্যাটটি সাধারণ তালিকা থেকে সরে ‘লকড চ্যাটস’ ফোল্ডারে চলে যাবে।
লক করা চ্যাট দেখতে পাসকোড বা বায়োমেট্রিক দিয়ে ফোল্ডারটি খুলুন।
পরে চাইলে ‘আনলক চ্যাট’ নির্বাচন করে চ্যাটটি আবার সাধারণ তালিকায় ফিরিয়ে আনতে পারবেন।
চ্যাট লকের আরেকটি সুবিধা হলো নোটিফিকেশন গোপন রাখা। অর্থাৎ লক করাচ্যাটে নতুন মেসেজ এলে নোটিফিকেশনে সাধারণত সেই মেসেজের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় না। ফলে ফোনের লক স্ক্রিনে থাকা অবস্থায় অন্য কেউ মেসেজের বিষয়বস্তু দেখে ফেলার আশঙ্কা কমে।
আরও গোপন রাখতে ব্যবহার করুন ‘সিক্রেট কোড’
শুধু চ্যাট লক করেই থেমে থাকতে হবে না। হোয়াটসঅ্যাপে ‘সিক্রেট কোড’ সেট করার সুবিধাও রয়েছে। এই কোড ব্যবহার করে লক করা চ্যাটকে আরও গোপন রাখা যায়। বিশেষ করে ফোন হাতে নিয়ে কেউ যাতে ‘লকড চ্যাটস’ ফোল্ডারটির অস্তিত্বও সহজে বুঝতে না পারে, সে ক্ষেত্রে এই সুবিধা কাজে আসে। চাইলে লকড চ্যাটস ফোল্ডারটিও চ্যাট তালিকা থেকে পুরোপুরি লুকিয়ে রাখা যায়।
সক্রেট কোড দিয়ে লুকানো চ্যাট খুঁজবেন যেভাবে
হোয়াটসঅ্যাপের সার্চ অপশনে যান।
সেখানে আপনার সেট করা সিক্রেট কোড লিখুন।
কোডটি লিখলেই লুকিয়ে রাখা লকড চ্যাট সামনে আসবে।
এরপর চ্যাটে ঢুকে প্রয়োজনীয় মেসেজ দেখতে পারবেন।
চাইলে ‘লকড চ্যাটস’ ফোল্ডারটিও লুকিয়ে রাখতে পারবেন, যাতে সাধারণ চ্যাট তালিকায় সেটি দেখা না যায়।
চ্যাট লক করলে কি কলও বন্ধ হয়ে যায়?
এই প্রশ্নের উত্তর না। চ্যাট লক করার অর্থ ওই ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া নয়। বরং চ্যাট লক করলেও সংশ্লিষ্ট ব্যক্তি হোয়াটসঅ্যাপে কল করলে সেই কল আসতে পারে। এই ফিচারের মূল উদ্দেশ্য হলো কথোপকথন, ছবি, ভিডিও ও চ্যাট-সংক্রান্ত তথ্যকে সাধারণ চ্যাট তালিকা থেকে সুরক্ষিত রাখা।
নতুন ফোনে ব্যাকআপ নিলে কী হবে?
ফোন পরিবর্তন করে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ রিস্টোর করলেও আগে লক করা চ্যাট লক অবস্থায় থাকার কথা। ফলে নতুন ফোনে যাওয়ার পরও ব্যক্তিগত কথোপকথনের নিরাপত্তা বজায় থাকতে পারে।
তবে শুধু চ্যাট লকের ওপর নির্ভর করলেই হবে না। ফোনে শক্তিশালী স্ক্রিন লক, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস অথেনটিকেশন চালু রাখা এবং হোয়াটসঅ্যাপের সর্বশেষ নিরাপত্তা সুবিধাগুলো ব্যবহার করাও জরুরি।
কারণ ব্যক্তিগত চ্যাট যতই লুকিয়ে রাখা হোক, ফোনের মূল নিরাপত্তাই যদি দুর্বল হয়, তাহলে তথ্য সুরক্ষিত রাখা কঠিন। তাই ব্যক্তিগত কথোপকথন অন্যের চোখের আড়ালে রাখতে চাইলে হোয়াটসঅ্যাপের চ্যাট লক ও সিক্রেট কোড দুই সুবিধাই কাজে লাগাতে পারেন।

























