নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু
- প্রকাশের সময় : ০৯:০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 9 বার পড়া হয়েছে
নরসিংদীর পলাশ উপজেলায় স্থানীয়দের গণপিটুনিতে জালাল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি একাধিক মামলার আসামি ছিলেন এবং তার বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
বৃহস্পতিবার (২৬ শে নভেম্বর ) রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। জালাল মিয়া ওই গ্রামের আক্কাছ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার বাইরে অবস্থান করছিলেন জালাল। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ গ্রামে ফিরে এলে তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বেশ কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে তাকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পলাশ থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহত জালাল মিয়া একটি মামলায় জেল পলাতক ছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






















