নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রীর প্রাণ গেল
- প্রকাশের সময় : ০১:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 13 বার পড়া হয়েছে
খন্দকার মো. আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোমাইয়া আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোমাইয়া আক্তার নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার রুয়াচালা গ্রামে। তবে পড়াশোনার সুবাদে তিনি নবীনগরের রসুল্লাবাদ গ্রামে বসবাস করতেন। তাঁর বাবা আমীর হোসেন এবং মা রত্না বেগম।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে রসুল্লাবাদ থেকে অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন সোমাইয়া। পথে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার আরও ৩-৪ জন যাত্রী আহত হন। গুরুতর আহত সোমাইয়া ঘটনাস্থলেই প্রাণ হারান।
নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।
























