পলাশে বিদ্যুতের তার চুরির চেষ্টা ,বিদ্যুৎস্পৃষ্টে ১ যুবকের মৃত্যু
- প্রকাশের সময় : ০৩:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 14 বার পড়া হয়েছে
নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রিজেন্ট পাওয়ার প্ল্যান্টের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাসুম উপজেলার গড়পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিজেন্ট পাওয়ার প্ল্যান্টের সামনে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মাসুম। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তাঁর পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ঘোড়াশাল জোনাল অফিসের ডিজিএম মনোয়ার হোসেন সুমন জানান, যে তারটি চুরির চেষ্টা করা হচ্ছিল, সেটি মনোহরদী উপজেলা লাইনের অংশ। ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ ছিল না। ধারণা করা হচ্ছে, তারটি পড়ে পলাশের ১১ কেভি লাইনের সংস্পর্শে আসায় এ দুর্ঘটনা ঘটে।























