বছরের কষ্ট শেষে নতুন ঘর, গঙ্গাচড়ায় ৯ পরিবারের স্বপ্নপূরণ
- প্রকাশের সময় : ০৯:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 5 বার পড়া হয়েছে
বছরের পর বছর অনিশ্চয়তার ঘরেই দিন কেটেছে। কারও ছিল ভাঙা বেড়া, কারও মাথার ওপর ছিল না নিরাপদ ছাদ। এবার সেই অনিশ্চয়তার অবসান হলো রংপুরের গঙ্গাচড়ায়।অসহায় ও দরিদ্র পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে ৯টি নতুন ঘর। উদ্বোধনের পর উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে ঘরের চাবি।
মানবিক সংগঠন ‘সীডস অব সাদকাহ’-এর উদ্যোগে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়ড়াবাড়ি-১ গ্রামে একটি এবং বেতগাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে আটটি ঘর নির্মাণ করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত পর্যায়ক্রমে এসব ঘর উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী।
ঘর উদ্বোধনকালে রায়হান সিরাজী বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মহৎ কাজ। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ‘সীডস অব সাদকাহ’র উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান নায়েব, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের আমিরসহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নতুন ঘরের চাবি হাতে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা। কমলা বেগম বলেন, দীর্ঘদিন ধরে নিজের একটি নিরাপদ ও স্থায়ী ঘরের স্বপ্ন দেখছিলেন। ‘সীডস অব সাদকাহ’র সহযোগিতায় সেই স্বপ্ন পূরণ হয়েছে।
স্থানীয়দের মতে, দরিদ্র পরিবারের জন্য নিরাপদ আবাসনের এই উদ্যোগ তাঁদের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। এমন মানবিক উদ্যোগ আরও বিস্তৃত হলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনেও পরিবর্তনের সুযোগ তৈরি হবে।





















